জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে মো. মোস্তফা (৩২), সাকিল (১৪), সবুজ (১৫), আবদুল মান্নান (৫০), আবদুস ছোবহান (৫১), জোবায়ের (৩৫), বজলুর রহমান (৫৫), জাহানারা বেগম (৫০), সেলিনা বেগমসহ (৩০) ৯জনকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহতদের স্বজনরা জানায়, উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের আবদুল মান্নান ও একই এলাকার মোকলেছুর রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি পর উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছে।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।