দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ।
ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ জানান, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট কেবিনেট গঠন করবে। জেলার ৬টি উপজেলার ২৫৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯০টি মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাগুরা: মাগুরা জেলার চারটি উপজেলা মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা শহরের সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দুদমল্লিক বালিকা বিদ্যালয়, এজি একাডেমি, কালেকটরেট স্কুল এন্ড কলেজে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোলা (দক্ষিণ): ভোলায় প্রায় আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোলা জেলার সকল মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্র-ছাত্রী নির্বাচনে প্রার্থী হয়েছে। সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতী-দিবা শাখার ১২শ’ ভোটার ভোট দিয়ে দুই শাখার ১৬ জন প্রার্থী নির্বাচন করে। এসময় বিজয়ী হওয়া শিক্ষার্থী তাসনিমা আজিম রিমি বলে, ‘স্টুডেন্ট কেবিনেট’ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী হলাম। এর ফলে আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাবে।
নাটোর: নাটোরের মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে। এই ভোট গ্রহণ জেলার ৪৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানে চলে। সারাদেশে চতুর্থবারের মতো একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। দিবা শাখার প্রধান নির্বাচন কমিশনার তৃষা রায় জানায়, প্রতিটি শ্রেণিকক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে পাঁচটি শ্রেণিতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সাত সদস্যের কেবিনেট আগামী এক বছরের জন্যে নির্বাচিত হবে।
জয়পুরহাট: শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহায়তা করার লক্ষ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ক্যাবিনেট নির্বাচনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং পর্যবেক্ষক নিয়োগ করা হয়। জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোট অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয় স্কুলে স্কুলে।
এছাড়া চাঁদপুরের কচুয়া, মাদারীপুরের টেকেরহাট, পঞ্চগড়ের দেবীগঞ্জ, জয়পুরহাটের পাঁচবিবি ও কুমিল্লার মনোহরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।