হবিগঞ্জে খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং, সোনাই নদীসহ অন্যান্য নদী সংরক্ষণের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওটারকিপার। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল। বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাপা সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, ইফতেখার হোসেন প্রমুখ। এতে উল্লেখ করা হয়, দখল-দূষণে জেলার নদীগুলো বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে। এ অবস্থায় পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে নদীগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি।