লোকনাথ আশ্রমে কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ১০

সোনারগাঁওয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
 
আশ্রম কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনার জন্য ব্রি: জে: (অব:) শ্রী জয়ন্ত কুমার সেনকে সভাপতি ও শ্রী শংকর কুমার দে কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর হলেও অজ্ঞাত কারণে নির্ধারিত মেয়াদের পর আরো দুই বছর অতিবাহিত করে ওই কমিটি। নতুন কমিটি গঠন নিয়ে শনিবার সকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বারদী আশ্রমের প্রধান ফটকটি বন্ধ করে দেয়া হয়। প্রায় ঘণ্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
 
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।