পিরোজপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা
পিরোজপুর অফিস পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান খালেককে জয়ী করতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ সভা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ। উল্লেখ্য, সদর উপজেলায় বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার।
এলএনজি প্রযুক্তির জাহাজ নির্মাণের সম্ভাবনা বিষয়ে চুয়েটে সেমিনার
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে বাংলাদেশে এলএনজি প্রযুক্তির আলোকে জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা বিষয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদের সভাতিত্বে সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন। সেমিনারে যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮ এর সমাপনী ও সনদ বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ‘সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮-এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাংগুলী দাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম। এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালে স্বেচ্ছাশ্রমে যানজট নিরসনে দায়িত্ব
পালনকারী আনিসের পাশে জেলা প্রশাসক
বরিশাল অফিস নগরীর ব্যস্ততম সড়কগুলোতে সেচ্ছাশ্রমে দায়িত্ব পালনকারী আনিসের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক। সরকারি ও বেসরকারি বিভিন্ন র্যালি ও সমাবেশে ট্রাফিক পাগল খ্যাত আনিস অতন্ত্র প্রহরীর ন্যায় ট্রাফিকের দায়িত্ব পালন করে থাকেন। আনিসের আর্থিক দৈন্যদশার খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সমাজকল্যাণ পরিষদ থেকে তাত্ক্ষণিক পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। নগরীর যানজট নিরসনে ৫৬ বছর বয়সী আনিস ভূমিকা পালন করেন সামর্থ্যবান মানুষের কাছ সাহায্য নিয়ে কোনো মতে বেঁচে আছেন। আনিসের মেয়ে বরিশাল এ করিম আইডিয়াল কলেজের শিক্ষার্থী ও ছেলে হাজী মোবারক আলী মাদ্রাসার শিক্ষার্থী। গরীবের সংসারে এ টাকা খরচ না করে আনিস ছেলে-মেয়ের পড়াশোনায় ব্যয় করবেন বলে জানান আনিস। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সমাজসেবার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। ভবিষ্যতে আনিসকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক জানান।