কুমিল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৬

কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁয় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ৬ কর্মচারী দগ্ধ হয়েছেন।
 
শনিবার বিকালে নগরীর রেইসকোর্স এলাকার রেড রফ ইন নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর রুবেল ও মোস্তফাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
জানা গেছে, শনিবার বিকালে নগরীর রেইসকোর্স এলাকার নিসা টাওয়ারের তৃতীয় তলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল সাক্কুর মালিকানাধীন রেড রফ ইন নামের একটি রেস্তোরাঁয় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই রেস্তোরাঁর ৬ জন কর্মচারী দগ্ধ হন। তাদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- কর্মচারী রুবেল (২২), মোস্তফা (২২), আরিফ (২১), বিল্লাল (২৮), ইমরান (২৪ ) ও সিয়াম (১৮)।
 
কুমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর ৪ জনের অবস্থা আশঙ্কামুক্ত।