পছন্দের আয়নায় সাজিয়ে নিন শখের ঘর

দিনের শুরুটা হয় আয়নাতে নিজের মুখখানা দেখে। আয়না দেখতে ভালবাসে না এমন মানুষের দেখা মেলা ভার! কারণে-অকারণে কমবেশি আমরা সবাই আয়না দেখতে পছন্দ করি। আয়না এখন শুধু মুখ দেখার কাজে ব্যবহৃত হয় না, ঘর সাজাতেও এটি অনেক বেশি ব্যবহৃত হয়। শুধু আয়না দিয়ে ঘরে নিয়ে আসতে পারেন নান্দনিক ছোঁয়া। আয়না দিয়ে কীভাবে শখের ঘরদোর সাজাবেন।
 
-একটি সুন্দর আয়না সঠিকভাবে বসাতে পারলে সম্পূর্ণ ঘরের চেহারাটাই পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এই কাজটি এতটা সহজ নয়। খুব সাবধানে, যত্ন করে বাছাই করতে হয় আয়নার ডিজাইন। আর খুব সতর্কতার সঙ্গে আয়না দিয়ে ঘর সাজাতে হয়।
 
-আয়নার ব্যবহার হতে পারে আপনার বাড়ির প্রবেশমুখে। প্রবেশমুখের ফাঁকা জায়গাতে দরজার বিপরীত দেয়ালে মাটির টেরাকোটার বা রট আয়রনের আয়না ঝুলিয়ে রাখতে পারেন।
-এছাড়া আপনার ড্রয়িংরুমটা যদি ছোট হয় তবে তার দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন একটা বড় আয়না। এই আয়নায় আপনার ছোট ঘরটিকে আরও বড় দেখাবে।
 
-লম্বা, গোলাকার কিংবা চার-কোণ আকৃতির যে কোন ধরণের আয়না ব্যবহার করেন না কেন তা যেন কারুকার্যময় হয়। এতে আপনার ঘরের চেহারায় যেমন আভিজাত্য আসবে, তেমনি অতিথিরাও আপনার রুচির পরিচয় পাবেন।
 
-আপনি চাইলে বসার ঘরের সিলিংয়ে আয়নার ব্যবহার করার ক্ষেত্রে সিমেন্টের তৈরি অ্যান্টিকের নকশায় কারুকার্যময় আয়না তৈরি করে তা স্থায়ীভাবে বসিয়ে দিন সিলিংয়ের মধ্যবর্তী স্থানে। বসার ঘর ছাড়াও খাওয়ার ঘর, শোবার ঘর, সাজঘরে আয়নার ব্যবহার করে নিয়ে আসতে পারেন অভিনব সজ্জা।
 
-স্নানঘরটি বেশ ছোট হলে এতে একটা দেয়ালজোড়া বড় আয়না বসিয়ে দিতে পারেন। স্নানঘরের পরিসর বড় দেখাবে।
 
-শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখেন। আপনি চাইলে একটু ভিন্নতা আনতে পারেন বড় ফ্রেমে আয়না বানিয়ে দেয়ালে সাঁটিয়ে দিয়ে। খাটের সঙ্গেও অনেকে আয়না সাজাতে পছন্দ করেন। জানালার বিপরীতে আয়না সাজিয়ে রাখলে ঘর অনেকটা উজ্জ্বল দেখাবে। এছাড়া ঘরের প্যাসেজের দুই পাশে সাজিয়ে রাখতে পারেন ছোট ছোট আয়না। এটি দেখতে অনেকটা ছবির ফ্রেমের মত দেখাবে।