ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় বাধা, নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
 
রবিবার  জেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লার শহরের মৌড়াইলস্থ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রশাসন বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানি করছে। প্রথম দফায় দেশের ২৩৪ টি পৌর সভা নির্বাচনে যে ভাবে বিজয়ের নাটক আওয়ামী লীগ মঞ্চস্থ করেছে একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা নির্বাচনেও এক দলীয় নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ সময় সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনী পরিবেশ ও সমঅধিকার সুনিশ্চিত কারার দাবি জানান তিনি।’
 
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।