অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন বিগত ৪৫ বছরে অন্য কোনো সরকার তা করতে পারেনি। তিনি বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ স্কুল অডিটোরিয়ামে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চ আয়োজিত দুদিনব্যাপী একুশের গ্রন্থমেলার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর নানা দেশে ভাষার জন্য আন্দোলন হয়েছে। কিন্তু আমরা যেভাবে ভাষার জন্য জীবন দিয়েছি অন্য কোন দেশের মানুষ সেভাবে জীবন দেয়নি। যদিও আসামের মানুষ তাদের ভাষার জন্য আন্দোলন করেছিল। সেখানে ১৩ জন মানুষ জীবন দিয়েছে। কিন্তু তা আমাদের সাথে তুলনা চলে না।
IMG1
তিনি বলেন, বাংলা ভাষা হচ্ছে মজার ভাষা। এই ভাষার অধিকার আমরা আদায় করেছি ১৯৫২ সালে। ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু। সেই আন্দোলনের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। যা আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করে।
তিনি বলেন, পাকিস্তানীরা কোন মতেই আমাদের দাবি মেনে নিতে প্রস্তুত ছিলো না। যে কারণে আমরা যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করি। ভারত আমাদের সর্বাত্মক সহযোগিতা করলেও যুক্তরাষ্ট্রসহ কোন কোন দেশ অনেক পরে স্বীকৃতি দিয়েছে।
অর্থমন্ত্রী আরো বলেন, মধ্যযুগে অনেক দেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। কিন্তু ৭০-এর দশকে শুধু আমরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনের পর বিশ্ব ব্যাংক আমাদের সহযোগিতা করেছিলো, জাতিসংঘ তিন বছর আমাদের সহযোগিতা করে। তিনি বলেন, বলতে গেলে আমরা প্রায় ২৩ বছর যুদ্ধ করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর যে সব সামরিক বাহিনী দেশ শাসন করেছে, তারা পাকিস্তানী স্বৈরশাসকদের চেয়েও অপদার্থ ছিলো। ১৯৭৫ সাল থেকে ৯০ সাল পর্যন্ত কোন গণতন্ত্র ছিলো না। ১৯৯১ সালে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি।
মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র সফররত সোসাল ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালীপ্রদীপ চৌধুরী।
IMG0
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার জামালউদ্দিন হোসেন, ডা. জিয়াউদ্দিন আহমেদ, অভিনেত্রী রওশন আরা হোসেন, লেখক ফেরদৌস সাজেদীন, সাংবাদিক হাসান ফেরদৌস, নিনি ওয়াহেদ, রিয়েল এস্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বাঙালি চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কলামিস্ট পার্থ ব্যানার্জি, সোনালী এক্সচেঞ্জের সিইও আতাউর রহমান, ফাহিম রেজা নূর, জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস প্রমুখ।