বাহুবলে জাতীয় যুব সংহতি নেতাকে হত্যা

হবিগঞ্জের বাহুবলে জাতীয় যুব সংহতির সভাপতি রফিক মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের বার আউলিয়া এলাকায় রেল লাইন থেকে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
 
স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিক মিয়া শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রবিবার সকালে বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পড়নের লুঙ্গি উদ্ধার করে পুলিশ। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বার আউলিয়া এলাকায় রফিকের খণ্ড খণ্ড মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জাহির মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালামকে (৪৮) আটক করেছে পুলিশ।
 
রফিক মিয়ার ছোট ভাই ছাদিক মিয়া জানান, বাড়ির রাস্তা নিয়ে পাশের বাড়ির জাহির মোল্লাদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে।
 
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়েছে।