বগুড়ায় ১২ হাজার জিহাদী বই ও একটি মাইক্রোবাসসহ দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বইগুলো বগুড়ার একটি ছাপাখানায় গোপনে ছাপানোর পর মাইক্রোবাসে করেনওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের নিশিন্দারা কারবালা এলাকা থেকে বইসহ ট্রাক জব্দ ও ২ জামায়াত কর্মীকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ । আটক দুই জামায়াত কর্মীরা হলেন নওগাঁ শহরের গোলাম মোস্তফা (৪০) ও রকিবুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্র জানায়, শহরের নিশিন্দারা কারবালা এলাকায় অবস্থিত ‘মা প্রিন্টার্স’ নামে একটি প্রেস থেকে জিহাদী বইগুলো ছাপিয়ে নওগাঁ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে উঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ বইগুলো জব্দ করে। এ সময় মাইক্রেবাসে থাকা জামায়াত কর্মী গোলাম মোস্তফা ও রকিবুল ইসলামকে আটক করা হয়। পরে মা প্রির্ন্টাসে তল্লাসি চালিয়ে কম্পিউটার ছাড়াও বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বইগুলো বগুড়ায় ছাপানোর পর নওগাঁয় নিয়ে যাওয়া হচ্ছিল। দুই জামায়াত কর্মী ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য প্রেসের তিন কর্মচারীকে থানায় নেয়া হয়েছে । প্রেসের কম্পিউটারসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে ।