গাংনীতে শুকুর আলী হত্যা, আটক ১

মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী নিশিপুরের শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতরাতে বামন্দী বাজার এলাকা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি দল। আটক মাদক  ব্যবসায়ী মাসুদ বামন্দী-নিশিপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।
 
এদিকে শুকুর আলী হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নামে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ভাই আব্দুল হাদি রবিবার গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিশিপুরের মাসুদকে আটক করেছে পুলিশ। বামন্দী বাজারে একটি চায়ের দোকান রয়েছে মাসুদের। তবে চায়ের দোকানের আড়ালে মাসুদ ফেনসিডিলের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন আরো জানান, নিহত শুকুর আলীর সঙ্গে মাসুদের সখ্যতা ছিল। শুকুর আলীর ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন বিষয়ে মাসুদের কাছে অনেক তথ্য রয়েছে। থানায় মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুকুর আলী সম্পর্কে মাসুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। মাসুদ একজন চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় মাদকের তিনটি মামলা রয়েছে।যা আদালতে বিচারাধীন। এছাড়াও মাসুদের বিরুদ্ধে এলাকায় নানা রকম অভিযোগ রয়েছে বলেও জানান ওসি। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার মাসুদকে শুকুর আলী হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হবে।
 
উল্লেখ্য, নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে ও ইউপি যুবলীগের সাবেক প্রচার সম্পাদক শুকুর আলীকে শুক্রবার দিনগত রাতের কোন এক সময় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রবিবার সকালে বামন্দী গো-হাট সংলগ্ন সরকারি পুকুর থেকে শুকুর আলীর লাশ উদ্ধার করে পুলিশ।