খুলনা মহানগরীর খালিশপুর বিহারী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ নম্বর খেমার কয়েকটি ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কোহিনুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, পুলিশ ও সাধারণ জনতা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খালিশপুরের আলমনগর মোড় সংলগ্ন কোহিনুর মোড়ের বিহারী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিহারীদের ১নম্বর খেমার বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নগরীর খালিশপুর, দৌলতপুর, টুটপাড়া ও বয়রা ফায়ার স্টেশন থেকে ৭টি অগ্নিনির্বাপক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. লিয়াকত আলী আগুন লাগার কারণ জানাতে পারেননি। এদিকে, আগুনের ভয়াবহতায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।