ভাটেরা কৃষি ব্যাংকের ৫ লাখ টাকা ছিনতাই

কুলাউড়া উপজেলাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক ভাটেরা শাখার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে শহর হতে ১কি.মি. দূরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের চাতলগাঁও এলাকায়। সোমবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
 
ভাটেরা শাখার ম্যানেজার এইচ এম মকবুল হোসেন জানান, তারা প্রাইম ব্যাংক কুলাউড়া শাখা থেকে দু‘টি ব্যাগে করে ২০ লাখ টাকা (একটিতে ১৫ লাখ, অপরটিতে ৫ লাখ) নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার ট- ১১-৪৯২৬) যোগে সংশ্লিষ্ট শাখা ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে ২টি মোটরসাইকেলে করে ৪ যুবক অটোরিকশাটির গতিরোধ করে ৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 
 
জানা গেছে, সিএনজিতে কৃষিব্যাংক ভাটেরা শাখার ম্যানেজার ছাড়াও কৃষি ব্যাংক বরমচাল শাখার ম্যানেজার মোস্তাক আহমদ চৌধুরী, ভাটেরা শাখার পরিদর্শক নাসির উদ্দিন খান, ক্যাশিয়ার উজ্জ্বল কান্তি পাল ও নিরাপত্তা প্রহরী সমিরণ দেব সঙ্গে ছিলেন। 
 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ ব্যবহৃত সিএনজি ও চালক মো. সেফুল মিয়াকে আটক করেছে।