‘যৌন নিপীড়নকারীদের বিষয়ে চার্চ মারাত্মক ভুল করেছে’

ভ্যাটিকান কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেল বলেছেন যৌন নিপীড়ন সংশ্লিষ্ট অভিযোগগুলোর ক্ষেত্রে মারাত্মক ভুল করেছে ক্যাথলিক চার্চ। রোম থেকে অস্ট্রেলিয়ান এক শিশু যৌন নিপীড়নের তদন্তে ভিডিও লিংকের মাধ্যমে প্রমাণ সরবরাহ করেছেন তিনি। 
 
অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক যাজক কার্ডিনাল পেলকে প্রশ্ন করা হয় যে তার তত্ত্বাবধানে শিশু যৌন নিপীড়নকারীরা চার্চে সক্রিয় ছিল কী না। জবাবে তিনি বলেন, আমি এমন কিছুকে রক্ষা করার চেষ্টা করবো না যা ক্ষমার যোগ্য নয়। চার্চ এই বিষয়ে মারাত্মক ভুল করেছে এবং এই বিষয়ে সমাধান তৈরি করার চেষ্টা করছে। তবে বিভিন্ন জায়গার চার্চ বিশেষ করে অস্ট্রেলিয়ায় সবকিছু ওলট পালট হয়ে গেছে, এগুলো মানুষকে হতাশ করেছে। কার্ডিনাল পেল এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার বালারাট ডায়োসিজে ১৯৭০ ও ৮০’র দশকের সময়ে অভিযুক্ত যৌন নিপীড়নকারী যাজকদের বিষয়ে তিনি অবহিত ছিলেন না বলেই দাবি করেছেন তিনি।
 
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক পদক্ষেপের রয়েল কমিশনে বালারাট শহরের বিষয়ে দ্বিতীয় দফার তদন্ত হচ্ছে। কার্ডিনাল পেল সেই সময়ে বালারাটে যাজক ছিলেন এবং সেখানে জেরাল্ড রিডসডেল নামের এক কুখ্যাত যাজকের সঙ্গে পড়াশোনা করেছেন। এই যাজক বালারাটের সেন্ট আলিপিয়াস স্কুলে ১৯৬০ থেকে ৮০ পর্যন্ত কাজ করার সময়ে ১৩০ টি ছেলেশিশুকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিবিসি।