সিরিয়ায় একদিনে ৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘিত: রাশিয়া

সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি সাধারণভাবে বহাল থাকলেও গত ২৪ ঘণ্টায় তা ৯ বার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্রে যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা রেকর্ড করেছে বলে ওই কেন্দ্রের প্রধান সের্গেই কুরালেঙ্কোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। তিনি বলেন, ‘সার্বিকভাবে সিরিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হচ্ছে।’
 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় শনিবার থেকে শুরু হওয়া ১৫ দিনের যুদ্ধবিরতি রোববার দ্বিতীয় দিনে গড়িয়েছে। কয়েকটি খবরে বলা হয়েছে, আলেপ্পোর পশ্চিমের গ্রামগুলোতে জঙ্গি বিমান হামলা হয়েছে। তবে হামলা চালানো বিমানগুলো রাশিয়ার নাকি সিরিয়ার তা নিশ্চিতভাবে জানা যায়নি।
 
সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে এ যুদ্ধবিরতিই লড়াইয়ে প্রথম বড় ধরনের বিরতি। দীর্ঘদিনের এ যুদ্ধে সিরিয়ায় ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। আরো লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। লড়াইয়ে বিরতির এ সময়টিতে অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ সরবরাহের আশা করছে মানবিক ত্রাণ সংস্থাগুলো।
 
প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী পক্ষের কয়েকজন কর্মী জানিয়েছে, আলেপ্পোর কাছে আলকায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে বিমান হামলা চলছে।যুদ্ধবিরতির আওতায় আছে সিরিয়া সরকার এবং বিদ্রোহী বাহিনী। ইসলামিক স্টেট (আইএস) এবং নুসরা ফ্রন্ট এ বিরতির আওতায় নেই। ফলে এ দলগুলোর ওপর হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না।
 
তবে তুরস্ক সীমান্ত থেকে এক সংবাদদাতা বলছেন, যে গ্রামগুলোর ওপর বিমান হামলা চলছে সেখানে পশ্চিমা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারাও আছে। এএফপি