সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির মধ্যে আগামী পাঁচদিনে অবরুদ্ধ অঞ্চলের দেড় লাখ মানুষের কাছে মানবিক সহায়তা দেয়ার পরিকল্পনা করছে জাতিসংঘ। পাঁচ বছর লড়াইয়ের পর গত শনিবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আংশিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দেশটিতে।
জাতিসংঘ বলেছে, যেসব এলাকায় ত্রাণ পাঠানো দুরূহ এমন স্থানে বসবাসরত ১০ লাখ ৭০ হাজার মানুষের কাছে মার্চের শেষ নাগাদ ত্রাণ পৌঁছাবে তারা। এদিকে খাদ্যের অভাবে মাদায়া শহরে লোকজন মারা যাচ্ছে। তাদেরকে খাদ্য, পানি এবং ওষুধ সরবরাহ করার পরিকল্পনা করছে সংগঠনটি।
IMG0
গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। রাশিয়ার সমর্থিত সিরীয় সরকার বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা। দি হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি) জানিয়েছে, তারা জাতিসংঘ এবং অন্যান্য শক্তিধর দেশগুলোর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠাবেন। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে বিদ্রোহীরা ৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে ‘সার্বিকভাবে সিরিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার কর্মকর্তারা।’। সূত্র: বিবিসি