সিলেটে পাঁচ ডাকাত গ্রেফতার, ৫০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

সিলেটে লুট করা ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রীসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইনসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ কর্মকর্তারা। রবিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর মধুশহীদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতাকৃতরা হলেন সিলেট নগরীর কাজলশাহ এলাকার ছাবুল মিয়ার ছেলে নুর উদ্দিন (২১), মেজর টিলার বজেন্দ্র দেবনাথের ছেলে কৃষ্ণ দেবনাথ (২৮), পাঠান গাঁও-এর  মতিন খাঁর ছেলে সেবুল খাঁ (২২), মধুশহীদের সফিউল আলম সুমনের স্ত্রী রেখা বেগম (৪০) ও দিরাইয়ের ভাটিপাড়ার শুক্কুর আলীর ছেলে সোহেল আহমদ (২১)। তারা  আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
সংবাদ সম্মেলনে সিলেটের সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম জানান, রবিবার রাতে  পুলিশ জানতে পারে সিলেট নগরীর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। সেখানে রাতভর অভিযান চালিয়ে লুট হওয়া পণ্যসহ ডাকাত দলকে গ্রেফতার করা হয়।
 
তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, দেশি বিদেশি ৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন মডেলের ৩৫ টিমোবাইল সেট, চারটি ল্যাপটপ, দুটি এলইডি টিভি, ছয়টি স্টিল ক্যামেরা, দুই কেজি পরিমাণ ইমিটেশন স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ঘরভাঙা ও গ্রিল কাটার সরঞ্জামাদি, চাপাতি উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সিলেটসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থানে ডাকাতি করে এসব মালামাল লুট করে।