নিজেকে মোদীর চেয়েও বড় ‘দেশপ্রেমিক’ দাবি কেজরিওয়ালের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে নিজেকে বড় দেশপ্রেমিক দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযাল। তিনি অভিযোগ করেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ইস্যুতে প্রকৃত বেঈমানকে গ্রেফতার করে পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে ক্ষুব্ধ করতে চায়না বিজেপি।
 
তিনি বলেন, ‘আমাকে বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমি দলিতদের পক্ষে আওয়াজ তুলেছি দেখেই আমি এখন দেশদ্রোহী। কিন্তু আমার আওয়াজ থামবে না।’
 
সোমবার নিজ একাউন্ট থেকে করা টুইটবার্তায় এসব মন্তব্য করেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা সবাই কাশ্মির থেকে এসেছেন বলে দাবি করেন তিনি।
 
একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘আমি মোদী থেকে বড় দেশপ্রেমিক। এজন্যই আমি প্রশ্ন তুলতে চাই যে ভারতবিরোধী স্লোগান দেয়ার পরও কেন কাউকে গ্রেফতার করা হলো না। সীমান্তে আমাদের সেনারা শহীদ হচ্ছে আর মোদী সাহেব ভারতবিরোধীদের ছাড় দিচ্ছেন।’
 
এদিকে কানহাইয়া কুমারকে সমর্থন করায় কেজরিওয়ালসহ  কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ডি রাজাসহ নয় জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হায়দরাবাদের সারওরনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।