সেতুর গার্ডার ধসে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি

চট্টগ্রামের আরাকান সড়কের বোয়ালখালী খালের ওপর একটি সেতু ভাঙার সময় গার্ডার ধসে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি।
 
নিখোঁজ শ্রমিক মো. হাশেম (২৮) নগরীর বায়েজিদ থানার ভবন ভাঙা ও লোহাকাটা শ্রমিক লীগের সদস্য। তিনি নওগাঁ সদর উপজেলার চক নদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।
 
রবিবার বিকাল ৫টার দিকে এই গার্ডার ধসের প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার বিকালে ওই শ্রমিকের সন্ধানে বোয়ালখালী খালে ফায়ার সার্ভিসের ডুবুরি নেমেছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক।
 
তিনি বলেন, সোমবার বিকাল ৫টার পর খালে স্রোত কমেছে, ডুবুরি নামানো হয়েছে। শ্রমিক হাশেম কিছুদিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান নাছির এন্টারপ্রাইজের অধীনে সেতু ভাঙার কাজে যোগ দেয়।
 
চট্টগ্রাম মহানগর ভবন ভাঙা ও লোহাকাটা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ ওমর ফারুক বলেন, হাশেমসহ নয়জন শ্রমিক সেতুর গার্ডার ভাঙার কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে গার্ডার ভেঙে পড়ে। এ সময় খালে জোয়ারের স্রোত ছিল। আটজন শ্রমিক সাঁতরে উঠে অসে। হাশেম উঠতে পারেনি। সে স্রোতে ভেসে গেছে না কী গার্ডারের নিচে চাপা পড়েছে- তা নিশ্চিত নই।