প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিতদের আগামীকাল শনিবার বিকাল ৪টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। এ ব্যাপারে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও কোটা সংস্কার আন্দোলনে গড়ে উঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাত্ পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রসঙ্গত, ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৫ সদস্যের নির্বাহী কমিটির সহ সভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক পদ বাদে বাকি ২৩ পদে বিজয়ী হয়েছে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী পরিষদের প্যানেল।
ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসাইন বলেন, শনিবার বিকালে ডাকসু ও হল সংসদের সব ছাত্রনেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। ডাকসু’র ভিপিসহ বিভিন্ন হলে যারা স্বতন্ত্র বা অন্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তাদেরকেও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তারা যাবে কিনা- সে সিদ্ধান্ত তাদের বিষয়।