বুথে আটকে গেল নতুন এটিএম কার্ড ইস্যুর নির্দেশ

এখন থেকে এটিএম বুথে আটকে যাওয়া কার্ডের বিপরীতে নতুন কার্ড ইস্যু করতে হবে ব্যাংকগুলোকে। মঙ্গলবার ব্যাংকগুলোকে এ নির্দেশ দিয়েছে  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ। 
 
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এটিএম (অটোমোটেড টেলার মেশিন) লেনদেনের ক্ষেত্রে এটিএম-এ আটকে যাওয়া কার্ড গ্রাহকের আবেদনের সাত কর্মদিবসের মধ্যে নতুন কার্ড দিতে হবে।
 
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে এটিএম কার্ড বুথে আটকে গেলে পরে তা সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় পাঠানো হয়। এরপর গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে পুরোনো কার্ডটি ফেরত দেয় ওই শাখা। তবে গতকালের নির্দেশের পর পুরোনো কার্ড ফেরত দেয়ার বিধান আর থাকছে না। একইসঙ্গে কার্ড ফেরত দিতে অযথা বিলম্বের বিষয়ে সতর্ক করা হয়েছে। 
 
নির্দেশে আরও বলা হয়েছে, এটিএম বুথের কারিগরী ত্রুটির কারণে যাতে গ্রাহকের কার্ড আটকে না যায় সেজন্য নিয়মিতভাবে এটিএম বুথ রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়া আটকে যাওয়া কার্ড সংক্রান্ত অভিযোগের বিষয়ে গ্রাহককে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।