বাগেরহাট থেকে অপহৃত সাংবাদিক নাটোরে উদ্ধার

নিখোঁজের একদিন পর বাগেরহাটের মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাহিদুর রহমান টুটুলকে নাটোরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
মঙ্গলবার নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন টুটুলের কাছে গেলে দেখা যায়, জ্ঞান ফিরলেও তিনি  কিছু বলতে পারছে না। টুটুল মোল্লাহাটের কাহালপুর গ্রামের জামিল আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জের যুগকথা পত্রিকার মোল্লাহাট প্রতিনিধি এবং মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় সড়কের পাশে একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মলম জাতীয় বিষাক্ত কোন দ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
 
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে টুটুলের জ্ঞান ফিরেছে। তবে তিনি বিশেষ কিছু বলতে পারছেন না।
 
টুটুলের ভাই বাবুল মিয়া জানান, গত রবিবার রাতে টুটুলকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির করে তার কোন সন্ধান না পেয়ে মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।