বিলুপ্ত ছিটের ৮ ইউনিয়নে ভোট স্থগিত

ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় লালমনিরহাটের দুটি উপজেলার বিলুপ্ত ছিটমহলের ৮টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নিবার্চন কমিশন।
 
লালমনিরহাট জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল করিম জানান, মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের ২০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে না বলে আদেশ পেয়েছেন। এরমধ্যে পাটগ্রামের ছিটমহলের ৭টি ও হাতীবান্ধায় একটি ইউনিয়ন রয়েছে।
 
স্থগিত হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়ন, জগতবেড় ইউনিয়ন, পাটগ্রাম ইউনিয়ন, বাউড়া ইউনিয়ন, জোংড়া ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন, বুড়িমারী ইউনিয়ন ও হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন।
 
দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ ভোটের দিন রেখে হাতীবান্ধা উপজেলার ১২টি ও পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
 
লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে ৫৫টির অবস্থান পাটগ্রাম উপজেলায়। এর ১৯টিতে কোনো জনবসতি নেই। অন্য ৩৬টিতে লোকসংখ্যা প্রায় নয় হাজার ৬৪৫ জন।  উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সাতটির সঙ্গে যুক্ত রয়েছে বিলুপ্ত ছিটমহলগুলো।
 
অন্যদিকে হাতীবান্ধার ১২টি ইউনিয়নের মধ্যে গোতামারীতে পড়েছে দুটি বিলুপ্ত ছিটমহল। অবশিষ্ট দুটি বিলুপ্ত ছিটমহল সদর উপজেলায় রয়েছে।
 
হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সবকটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার ভোটগ্রহণ পেছানোর এবং ভোটার তালিকা হালনাগাদ করার আবেদন করা হয়।