আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি-ঐক্যফ্রন্টের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলনের খেলা বন্ধ করে সংসদে আসুন। জনগণ এখন আর আন্দোলন চায় না। তারপরও আন্দোলনের অংশ হিসেবে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন। ৮ জনের কণ্ঠস্বর শক্তিশালী হলে তা ৮০ জনের মতো কাজ করবে।
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিভিন্ন অযৌক্তিক ইস্যুতে অহেতুক আন্দোলনের খেলা খেলতে খেলতে হরতাল-অবরোধের মতো আন্দোলনও এখন ভোতা হয়ে গেছে। আর ঘুরেফিরে বিএনপি সেই একই জায়গায় আছে।
মোহাম্মদ নাসিম বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না। মেয়েরা যা করতে পেরেছে, ছেলেরা তা করতে পারেনি। এতে লজ্জা হওয়া উচিত। ডাকসুর ভিপিসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আন্দোলন না করে শপথ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করুন। দয়া করে ছাত্রদের জন্য কাজ করতে প্রস্তুতি নিন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিশ্বের কোনো র্যাংকিংয়ে নেই। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এই আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।