মামলার তদন্তের জন্য হোয়াটস অ্যাপ মেসেজ পাওয়ার অনুরোধে সাড়া না মেলায় ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ। মঙ্গলবার সকালে সাও পাওলোতে কর্মস্থলে যাওয়ার পথে দিয়েগো দিজোদানকে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি ‘প্রিভেনটিভ অ্যারেস্টের’ আওতায় আছেন বলে সার্জিপে স্টেট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। সেখানকার একটি আদালতের আদেশের পর তাকে ধরা হয়। তবে দিজোদানকে গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র দাবি করেছেন। কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়ায় কোম্পানি ‘হতাশ’ হয়েছে-বলেছেন তিনি।
হোয়াটস অ্যাপের মালিকানা ফেসবুকের হলেও এটা আলাদাভাবে পরিচালিত হয় বলে কর্তৃপক্ষের ভাষ্য। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কোনো প্রশ্ন থাকলে ফেইসবুক সব সময় তাতে সাড়া দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে বলে উল্লেখ করা হয় ফেসবুকের এক বিবৃতিতে।
এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াল ফেসবুক। এর আগে অন্য একটি ফৌজদারি মামলার তদন্তে সহযোগিতা না মেলায় ডিসেম্বরে সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার আদেশ দেন এক বিচারক। সে সময় কয়েক কোটি গ্রাহক সামাজিক যোগাযোগের এই মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে পরদিন আবার হোয়াটসঅ্যাপ চালু হয়।
ব্রাজিলে হোয়াটসঅ্যাপ ব্যাপক জনপ্রিয়। দেশটির ২০ কোটি মানুষের প্রায় অর্ধেকই নিয়মিত এর মাধ্যমে মেসেজ আদান-প্রদান করে। একটি সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালান মামলা তদন্তের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ চেয়ে কয়েক দফা অনুরোধের পরেও সাড়া না মেলায় বিচারক দিজোদানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন বলে আদালতের বক্তব্য।
আগের তিনটি অনুরোধে সাড়া না দেওয়ায় ফেসবুককে এক লাখ মিলিয়ন রিয়ার (প্রায় আড়াই লাখ ডলার) চেয়ে বেশি অর্থ জরিমানা করা হয় বলে আদালত থেকে জানা গেছে। হোয়াটসঅ্যাপ বলছে, একবার মেসেজ চলে গেলে তা আর তারা সংরক্ষণ করেন না। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা হন্তান্তর সম্ভব নয়। তার অর্থ দাঁড়ায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ডাটার জন্য, যার অস্তিত্ব নেই, বলেছেন হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র। যে তথ্য আমাদের কাছে নেই তা আমরা সরবরাহ করতে পারি না। বিবিসি।