মোদির টুইটের জবাবে বলিউড তারকারা বললেন ‘ঠিক আছে স্যার’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু করেছেন। প্রচারণার অংশ হিসেবে বুধবার তিনি হঠাত্ করেই প্রায় ৩০টির মতো টুইট করেন। এসব টুইটে রাজনীতি, ক্রীড়া, শিল্পপতি, সাংবাদিক, বলিউডের প্রায় একশো জনের মতো বিশিষ্ট অভিনেতা, পরিচালকদের ট্যাগ করলেন। তাদের কাছে আবেদন করেন, সকলে যেন তাদের ভক্ত ও দেশের নাগরিকদের ভোটদানের জন্য আহ্বান জানান। রাজনীতিকদের জন্য সোজাসাপটা আবেদন, তারকাদের ক্ষেত্রে ছবির সংলাপও মিশিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। মোদির এই আহবানে সাড়া দিয়ে ভোটারদের প্রতি আবেদন জানাতে শুরু করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ও পরিচালকরা। ইতোমধ্যে বলিউডের পরিচালক করণ জোহর, অভিনেতা আমির খান এবং অক্ষয় কুমাররা সাড়া দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

অক্ষয় কুমার টুইটে লিখেছেন, ‘ভালো কথা বলেছেন নরেন্দ্র মোদি জি’। নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের মধ্যেই গণতন্ত্রের প্রকৃত বৈশিষ্ট্য নিহিত রয়েছে। করণ জোহর লিখেছেন, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করব। সঙ্গীত পরিচালক এ আর রহমানও বলেছেন, ‘ঠিক আছে স্যার’। অভিনেতা আমির খান টুইট করে বলেছেন, আপনি ঠিক স্যার, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে আমাদের সকলের যুক্ত হওয়া উচিত।

সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেতা ও অভিনেত্রী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। তারা তরুণদের ক্ষমতায়নে চলচ্চিত্রের ভূমিকা নিয়ে কথা বলেন। এই আলোচনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করেন অনেক তারকা।