মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই জামিন মঞ্জুর করেন। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় আসামির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমপি রানার নাম আসে। সেই হিসাবে তাকে এই মামলায় আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এদিকে হাইকোর্টের একই বেঞ্চ থেকে যুবলীগের দুই নেতাকে হত্যার দায়ে রানাকে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান গতকাল এই স্থগিতাদেশ দেন। এর ফলে কারামুক্তি পাচ্ছেন না রানা।
যুবলীগ নেতা মামুন ও শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় রানাকে ছয় মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রানার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন।