ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৯ মাত্রার ভূমিকম্প : সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়া পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে বুধবার ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ সুনামি সতর্ক বার্তা জারি করেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
 
ইউএসজিএস আরও জানিয়েছে, পাডাং নগরী থেকে একশ কিলোমিটার দূরবর্তী সুমাত্রা দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (গ্রিনীজ মান সময় ১২:৫০টা) ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে সৃষ্ট ভূমিকম্পটি আঘাত হানে।
 
দেশটির স্থানীয় জাতীয় আবহাওয়া সংস্থা বিএমকেজি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা,পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহসহ সুমাত্রার বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি করেছে। এএফপির এক সাংবাদিক জানান, শক্তিশালী ভূমিকম্পটি পশ্চিম সুমাত্রার পাডাং নগরীতে কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এ সময় রাস্তাঘাটে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ইউএসজিএস বলেছে, সেখানে অল্প সংখ্যক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।