ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউরোপে শরণার্থী সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে একটি পথ বের করার জন্য গ্রিস এবং তুরস্ক সফরে যাচ্ছেন।
২৫ হাজারের বেশি শরণার্থী এখন গ্রিসে আটকে রয়েছেন। সীমান্তে কড়াকড়ির জন্য তারা উত্তরের দেশগুলোতে যেতে পারছে না।
বৃহস্পতিবার যুক্তরাজ্য-ফ্রান্স শীর্ষ বৈঠকেও অভিবাসন সংকট নিয়ে আলোচনা হয়। ফ্রান্সের অ্যামিয়েন্স শহরে বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা, লিবিয়া ও সিরিয়ায় সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা।
শরণার্থীদের জন্য ইউরোপে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা প্রশমনের জন্য এ সপ্তাহে দক্ষিণ-পূর্ব ইউরোপ সফর করছেন ডোনাল্ড টাস্ক। এই সফরের মাধ্যমে তিনি ৭ মার্চ ইউ-তুরস্ক শীর্ষ সম্মেলনের ক্ষেত্র তৈরি করছেন।
গত মঙ্গলবার ভিয়েনায় টাস্ক বলেন, আমরা এক মুহূর্তের জন্যও আমাদের প্রতিবেশীদের সাথে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা বন্ধ রাখতে পারি না। মানবিক বিপর্যয় এড়ানোর জন্য আমাদের সহযোগীদের আমাদের কাজের সাথে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। এটাই তুরস্কের সাথে আমার আলোচনার মূল বিষয়।
গ্রিসের লেসবস থেকে বিবিসির প্রতিনিধি ক্রিস মরিস বলেছেন, ইতিমধ্যে এই নতুন বছরে গ্রিসে ৭৫ হাজার শরণার্থী প্রবেশ করেছে। ইইউ চায় দিনে এক হাজারের বেশি শরণার্থী প্রবেশ না করুক। প্রতিদিন শরণার্থীরা গ্রিসে ঢুকছে। সূত্র: বিবিসি