বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি আসলে বাংলাদেশে তৈরি প্লাস্টিকের একটি খেলনা। সিআইডি’র ফরেনসিক বিভাগ ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনে একথা উল্লেখ করেছে বলে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর এবং এই ঘটনার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া গতকাল ইত্তেফাককে জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাহ্যিক দৃষ্টিতে আসল পিস্তলের মতো দেখালেও বাস্তবে এটি খেলনা। পিস্তলটির ম্যাগজিন আলাদা করা যায়। ভেতরে গুলির মতো করে ছোট ছোট প্লাস্টিকের দানা রাখা যায়। অল্প শব্দও হয়। খেলনা ওই পিস্তলের গায়ে ইংরেজিতে লেখা ছিল : ‘গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ’।