তিন মোটরসাইকেল আরোহীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জন

       

মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন্ স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে তিন জন মোটরসাইকেল আরোহী। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মিরসরাই ( চট্টগ্রাম): মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ওছমানপুর ইউনিয়নের লোহারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আবছারের ছেলে আরিফ হোসেন (২০), ইছাখালী ইউনিয়নের পুর্ব ইছাখালী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২), মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী হাসান (২৮)।

আটোয়ারী (পঞ্চগড়): আটোয়ারীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক থ্রি-হুইলার চালকসহ দুই জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ছোটদাপ গ্রামের মানিক হোসেনের পুত্র মুন্না হক (১৫) এবং র্মিজাপুর গ্রামের সামশুল হক (৫৬)। দুর্ঘটনা দুটি গতকাল সকালে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল ও থ্রি-হুইলারের এবং অপরটি কলেজমোড় এলাকায় বাঁশ ভর্তি নসিমনের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে নৈশকোচ খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গত বুধবার রাতে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া (৪২) ওই বাসের হেলপার। তিনি লক্ষীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের নুরু মোহাম্মদের ছেলে। গুরুতর আহত দুই জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।