ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাস ফিল্ডের ১ ও ২নং গ্যাস ক্ষেত্রের গ্যাস উত্পাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্যাস গ্রিডে বিকাল ৫টা থেকে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ফিল্ডের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফ্লেয়ার লাইনে (অগ্নিশিখা প্রজ্বালন লাইন) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৫ টার দিকে শহরতলীর ঘাটুরাস্থ গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা অপরিশোধিত জ্বালানি তেল থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ওই আগুন কয়েক শ ফুট উপরে উঠে যায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন। ১ ও ২নং কূপের উত্পাদন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডের এমডি প্রকৌশলী তৌফিকুর রহমান তপু জানান, ঘটনা তদন্ত করা হবে।