পুঁজিবাজারের সার্বিক মূল্য সূচক এবং লেনদেনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৮ পয়েন্ট বাড়লেও সূচক রয়েছে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে। গত সপ্তাহে টানা দরপতনের ফলে ডিএসইর সার্বিক মূল্য সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে। এখনও সেখানেই ওঠানামা করছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণেই সূচক কমে গেছে। তাছাড়া দুটি মিউচুয়াল ফান্ড অবসায়নের ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন ভাবনাও ছিল।
এদিকে সূচকের পাশাপাশি আস্থাহীনতার ছাপ দেখা গেছে লেনদেনেও। গতকাল দ্বিতীয় দিনের মতো ডিএসইর লেনদেন তিনশ কোটি টাকায় নেমে এসেছে। অথচ গত সপ্তাহেও বাজারে লেনদেন হয়েছে পাঁচশ কোটি টাকার বেশি। লেনদেনে অংশ নেয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম। দিনশেষে কোম্পানিটির ১৮ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৭ লাখ ৫২ হাজার টাকা। ১৬ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তৃতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলের শেয়ারে। এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব কটি সূচকের পতন হয়েছে। এর মধ্যে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে দিনশেষে ৮ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে রবিবার ৩৩ কোটি ২৬ লাখ টাকা লেনদেন হলেও সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।