সুমন্ত বর্মণ
ভিন্নতা কোথা কিবা কতটুকু মিল তো অধিক রীতিতে
কী তফাত থাকে কান্না-হাসিতে, রাগ-অনুরাগ, প্রীতিতে?
তোর কাছে তোর বোনটি যেমন আমার কাছেও বোন তাই
আমার মায়ের চোখের জলও তোর মা-র মতো নোনতা-ই।
পিতার কান্না তোকে যতখানি বিচলিত করে ভাই রে
সমভাবে কাঁদি এক ব্যথা পেলে আমিও ভিতরে-বাইরে।
পুত্র-কন্যা, ভাই অসহায়—পারে কেউ তোকে থামাতে?
ঝাঁপিয়ে পড়িস। সেইরূপ মতি জাগ্রত হয় আমাতে।
এই সেদিনও দেশের বিপদে মুসলিম আর হিন্দুতে
একসাথে খেয়ে একসাথে শুয়ে মিলেছিল এক বিন্দুতে।
যুদ্ধ করেছে শহীদ হয়েছে বিস্মৃত কি তা হব রে?
ধরাধরি করে শ্মশানে নিয়েছে কিংবা নিয়েছে কবরে।
ধর্ম কি বলে মন্দির ভাঙো, মূর্তি কিংবা ঘরবাড়ি
জ্বালাও-পোড়াও কিংবা ওঠাও সাম্প্রদায়িক তরবারি?
ধর্ম আমার বলে না এসব, তোর ধর্মও বলে না
যতটুকু জানি, সম্প্রীতি-সুখ কোনো ধর্মই দলে না।