শুরুর আগেই সরে দাঁড়ালেন শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক

 

অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা সানিয়া নেওয়ালের জীবনী নিয়ে টি সিরিজের বহু আলোচিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের। এমনটাই শোনা যাচ্ছিল বলিউড পাড়ায়। তবে শুরুর আগেই যাত্রা থেকে সরে দাঁড়ালেন শ্রদ্ধা। এবার শ্রদ্ধা কাপুরের পরিবর্তে অভিনয় করবেন পরিনীতি চোপড়া। টি সিরিজের মালিক ভূষণ কুমার ভারতীয় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

প্রথমে শ্রদ্ধা সিনেমাটিতে কাজ করার জন্য বেশ আগ্রহী ছিলেন। তিনি একান্তভাবে সানিয়া ও তার পরিবারের সাথেও বেশ কয়েকবার সাক্ষাত্ করেছেন। সানিয়াও শ্রদ্ধা কাপুরের ওপর বেশ খুশি ছিলেন। সানিয়া সিনেমার গল্পের প্রশংসা করে বলেন, ‘আশা করি সিনেমাটিতে শ্রদ্ধা আমাকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবে। এমনটা আমার বিশ্বাস।’ তবে এতকিছুর পর মাঝপথে যেন থেমে গেলেন শ্রদ্ধা।

পরবর্তীতে শ্রদ্ধা তার অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সিনেমাটিতে কাজ করতে পারবেন না বলে টি সিরিজকে জানান। পরে সবার সম্মতি সাপেক্ষে তাকে বাদ দিয়ে সেখানে পরিনীতিকে নেওয়া হয়। এদিকে পরিনীতি সিনেমাটিতে কাজ করার সুযোগ পেয়ে বলেন, ‘খেলাধুলা আমার জীবনের অনেক বড় একটি অংশ। এক কথায় আমি খেলাধুলাপ্রেমী। সানিয়া নেওয়ালের মতো এমন আন্তর্জাতিকমানের ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রটি পেয়ে আমি খুবই আনন্দিত।’

২০২০ সালে সিনেমাটির মোড়ক উন্মোচন করবে টি সিরিজ।