রাজবাড়ী জেলা জাপার আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাদত হোসেন মিল্টনকে সদস্য সচিব করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক খন্দকার গোলাম কবীর, আবুল হোসেন মিয়া, ফিরোজুল মুজাহিদ, হামিদুল হক বাবলু, আশরাফ আলী, মাওলানা লুৎফর রহমান, আসাদুল হক মিলন ও রতন কুমার সরকার, গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জাতীয় যুব সংহতির নেতা হেলাল মাহমুদসহ ১১১ জনকে সদস্য করা হয়েছে।

সোমবার জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক এম. এ রাজ্জাক খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সুপারিশে গত ১৪ই নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তিনি এই অনুমোদন দেন, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির ‘সদস্য সচিব’ হিসেবে আবার নেতৃত্ব ফিরে পেলেন সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহাদত হোসেন মিল্টন। আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদত হোসেন মিল্টন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী। 

ইত্তেফাক/বিএএফ