রিয়ালেই সমাপ্তি চান বেল

গ্যারেথ বেল তার বর্তমান দল রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান বলে জানিয়েছেন খেলোয়াড়টির এজেন্ট জোনাথন বার্নেট। ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে এই মৌসুমে বেলের উপর রিয়ালের প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু চোট জর্জরিত এক মৌসুমে ২১ ম্যাচ খেললেও গোল করেছেন মোটে সাতটি। তাতে দলে জায়গা তো হারিয়েছেনই, সমর্থকদের দুয়োও শুনেছেন ওয়েলস ফরোয়ার্ড। তার উপর দলের কোচ হয়ে এসে জিনেদিন জিদান জানিয়েছেন পরের মৌসুমে বেলকে দলে চান না তিনি। এদিকে তার সাবেক দল টটেনহ্যামও তাকে ধারে নিতে আগ্রহী। এরই মধ্যে তার এজেন্ট জানালেন, এখানেই ক্যারিয়ার শেষ করতে চান বেল। বিবিসি স্পোর্টসকে বার্নেট বলেন,‘সে ক্যারিয়ারের বাকি সময় রিয়াল মাদ্রিদেই খেলতে চায় এবং যদি এটা কাজ না করে তবে আমরা আবারও কথা বলব।’