দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেকহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এটিই প্রথম লভ্যাংশ। ডিএসইর সর্বশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ মার্চ ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএমে ট্রেকহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ বিতরণ করা হবে। এ লভ্যাংশ অনুমোদন হলে পুঁজিবাজারে ইতিবাচক সাড়া পড়বে বলে মনে করেন ডিএসইর পরিচালকরা।
জানা গেছে, সমাপ্ত হিসাবে বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। এদিকে ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হলে ট্রেকহোল্ডাররা প্রত্যেকে প্রায় ৭২ লাখ টাকা করে পাবেন। তবে এ লভ্যাংশ থেকে কর বাবদ সরকারকে দিতে হবে ১৪ লাখ ৪০ হাজার টাকা। ট্রেকহোল্ডাররা বলছেন, গত কয়েক বছর ধরেই পুঁজিবাজারের লেনদেন কমে যাওয়ায় এ প্রতিষ্ঠানগুলো খুব কষ্ট করে টিকে আছে। এ অবস্থায় লভ্যাংশের অর্থ পেলে ট্রেকহোল্ডাররা কিছুটা স্বস্তি পাবে।