বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির ঘটনা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
রবিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদেরকে তিন বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়া হয়েছে। কিছুদিন আগে নয় সদস্যের পরিচালনা পর্ষদের চার সদস্যের মেয়াদ শেষ হয়েছিল। তাই শিগগির আরও দুই জনকে নিয়োগ দেয়া হবে।