বাল্যবিয়ে থেকে রক্ষা পেল গৌরনদীর চার কিশোরী!

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বুধ ও বৃহস্পতিবার গৌরনদীতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে চার কিশোরী।

বৃহস্পতিবার রাতে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ও পৌর সদরের চরগাধাতলী মহল্লার কিশোরীর(১৬) বিয়ের আয়োজন চলছিল। হঠাত্ রাত সাড়ে ৮টার দিকে বিয়েবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে হাজির হন। তিনি এ সময় বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিন দুপুরে বিয়ের দিন ধার্য ছিল মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি পীর বাদশা মিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য দাখিল পরীক্ষা দেওয়া ছাত্রী ও জঙ্গলপট্টি গ্রামের আরেক কিশোরীর(১৬)। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ওই বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রীর মা-বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন। পরবর্তীতে ওই ছাত্রীর মা-বাবা মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে বিয়ের পুরো অনুষ্ঠান বন্ধ করে দেয়।

অপরদিকে বুধবার রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামের অপর এক কিশোরীর(১৫) অমতে হিন্দু রীতি অনুযায়ী বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়। খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। তিনি বিয়ের সকল আয়োজন পণ্ড করে কিশোরীর বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৩হাজার টাকা জরিমানা করেন। একই দিন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামের এক বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজির হয়ে আরেক কিশোরীর(১৬) বাল্যবিয়ে বন্ধ করেন।