প্রার্থীদের নির্দেশ দিলেন মমতা
প্রার্থী হিসাবে মনোনয়নপত্রে নিজের সম্পর্কে ‘সত্য’ তথ্য দেবেন, স্বচ্ছ থাকবেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের ৪২ প্রার্থীকে এই নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে এই বৈঠকেই দলের তরফে মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন নিয়মের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘জনগণের প্রতিনিধি হিসাবে সর্বক্ষণ কাজ করতে হবে। তৃণমূলের মতাদর্শ মেনে সেই কাজ করতে হবে।’’খবর আনন্দবাজার পত্রিকার
এ দিনের বৈঠকে উপস্থিত প্রার্থীদের মধ্যে অনেকেই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই কারণে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সকলকেই কমিশনের নিয়মাবলী সম্পর্কে অবহিত করেন। মমতা অবশ্য সামগ্রিকভাবে নিয়মনীতি সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। বিশেষ নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় খরচের জন্য প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টও স্বচ্ছ রাখতে হবে। এছাড়াও সাংগঠনিক স্তরেও জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে সমন্বয় রক্ষা করে প্রচার ও অন্যান্য কাজ করতে বলেছেন তিনি।