গাজায় আবারো বিমানহামলা শুরু করেছে ইসরাইল

রয়টার্স

 তেলআবিবে দুটি রকেট হামলার পর শুক্রবার গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ফিলিস্তিনীদের ছোঁড়া ৬টি রকেটের ৫টিই ধ্বংস করে দিয়েছে। ইসরাইলী বাহিনী হামাসের প্রায়  একশ’ সামরিক লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে। ইসরাইলী বাহিনীর দাবি- তারা হামাসের প্রধান কার্যালয়, অস্ত্রের ঘাঁটি ও উত্পাদন কেন্দ্রে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে- গাজার সর্বত্র বিমান হামলা চালানো হয়। এসময় ফিলিস্তিনে অনেক ভবন থেকে মানুষ নিরাপত্তার জন্য সরে যায়। বিমান হামলার সময় বিভিন্নস্থানে ধোঁয়া উড়তে দেখা যায়।

২০১৪ সালের গাজা যুদ্ধের পর বৃহস্পতিবার আবার তেলআবিবে রকেট হামলার ঘটনা ঘটল। এই হামলায় বিস্ময় প্রকাশ করেছে ইসরাইলের সামরিক মুখপাত্র জেনারেল রনেন মানেলিস। হামাস রকেট হামলার কথা অস্বীকার করেছে। ইসরাইলের কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন- অন্য কোনো ফিলিস্তিনী গ্রুপ এই হামলা চালিয়ে থাকতে পারে যারা ইসরাইলের সাথে হামাসের শান্তি আলোচনা চায় না। ফিলিস্তিনের জিহাদীগ্রুপগুলো রকেট হামলার কথা অস্বীকার করেছে।