‘স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিহত করতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিহত করতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে আমরা আলোকিত মানুষ হবো। এ দেশের মানুষ মনেপ্রাণে অসাম্প্রদায়িক। কোনো অপশক্তি যাতে শিকড় গাড়তে না পারে সেজন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।
 
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তিন দিনব্যাপী সঙ্গীতবিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
এর আগে ‘শান্তির জন্য সঙ্গীত’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার সুলতান আব্দুল আহমেদ। বিভাগের সভাপতি অধ্যাপক অসিত রায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সঙ্গীত বিভাগের শিক্ষক সানজিদা মঈদ, সোনিয়া শারমিন খান ও বিভাগের ভারতীয় গবেষক শতাব্দী আচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
 
এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন  সংস্কৃতিমন্ত্রী ও রাবি উপাচার্য। এ সময় বিভাগের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
 
আগামী ১৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিদিন ৩টি করে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশি ও বিভিন্ন দেশের ১৮ জন বিদেশিসহ বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, গবেষক, শিক্ষার্থী অংশ নিচ্ছেন।