ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার

ধামরাই(ঢাকা) সংবাদদাতা

পরকীয়ায় বাধা দেওয়ায় ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, উপজেলার খাতরা গ্রামের শুকুর আলীর মেয়ে চার সন্তানের জননী সালমার (৪৫) স্বামী নুর মুহাম্মদ বিদেশে থাকাকালে ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং গোপনে তাকে বিয়ে করে। কিছুদিন আগে দু’জনে দেশে ফেরে। সালমার স্বামী ব্রাহ্মণবাড়িয়ায় ঘন ঘন যাতায়াত করার এক পর্যায়ে সালমা বিষয়টি টের পান এবং এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে দীর্ঘদিন ধরে। গত বুধবার রাতে সালমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে নূর মোহাম্মদ।  বৃহস্পতিবার ভোরে নিহতের মেয়ে ঘরের দরজা খোলা দেখে মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে মায়ের মৃতদেহ খাটের উপর পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ব্যাপারে নিহতের বড়ভাই আব্দুল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের পর বলা যাবে আসল ঘটনা কি।