আবাসন ব্যবসায় প্রতারকদের প্রশ্রয় দেওয়া চলবে না ---------ভূমি মন্ত্রী

চট্টগ্রাম অফিস

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশের আবাসন ব্যবসায় প্রতারকদের প্রশ্রয় দেওয়া চলবে না। এই প্রতারকদের কারণেই দেশের এই ব্যবসার দুর্নাম হচ্ছে। গত বৃহস্পতিবার  চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু-বে ভিউ হোটেলে আয়োজিত চারদিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, প্রত্যেক ব্যবসায় ভালো-মন্দ দুটোই আছে। একবারে সবাই ভালো বা সবাই মন্দ, এ ধরনের কোনো ব্যবসা নেই। রিয়েল এস্টেট খাতেও কিছু প্রতারক ডেভেলপার আছে। তাদের কারণে ক্রেতারা দুর্ভোগে পড়েন। অভিযোগ আছে প্রতারকরা রিহ্যাবের সদস্য। সেটা যদি হয়, তাহলে এই সংগঠনের সদস্যদেরও শক্ত রেটিং থাকা উচিত। কারো বিরুদ্ধে প্রতারণা বা ক্রেতা হয়রানির অভিযোগ উঠলে সেটা রিহ্যাবকে তদন্ত করে দেখতে হবে। প্রতারককে প্রশ্রয় না দিয়ে, শাস্তি প্রদান করা উচিত।

মন্ত্রী রিহ্যাব নেতৃবৃন্দকে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এই সংগঠনের সংশ্লিষ্ট কমিটিকে সরেজমিনে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, কমিটির সদস্যদের শুধু মিটিং, ইটিং আর সিটিং করলে হবে না। কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কাইয়ুম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রিহ্যাব আয়োজিত মেলায় এবার ৫০০ কোটি টাকার বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেলায় দুই হাজার প্লট এবং পাঁচ হাজার ফ্ল্যাট বিক্রির লক্ষ্য ধরা হয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।