লালমোহনে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

লালমোহন (ভোলা) সংবাদদাতা 

ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পিতা-পুত্রসহ অন্তত ৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আমির আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সোবাহান, তার  ছেলে আজগর, পরিবারের সদস্য ফাতেমা, নুরনাহার ও মমতাজকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, একই বাড়ির চাঁন মিয়া গংদের সাথে জমিজমা সংক্রান্ত  বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে চাঁন মিয়া তার দলবল নিয়ে বিরোধীয় জমিতে মাটি কাটতে যায়। এ সময় সোবাহান গংরা তাদের বাধা দিতে গেলে চাঁন মিয়া গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে আহত করা হয়। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।