সব ধরনের সবজির দাম বেড়েছে

বাজারদর

 

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। ৪০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। এদিকে হঠাত্ করে সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলেছেন, শীত মৌসুম শেষ হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। বাজারে এখন গ্রীষ্মকালীন সবজি উঠতে শুরু করেছে। তাই সবজির দাম বেশি। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র দেখা যায়।

গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়শ, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা ও কচুর লতি ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, শিম, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৩০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, সজনে ডাঁটা ১৬০ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।

এদিকে সবজির পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বেড়েছে। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৬০ থেকে ১৭০ টাকায়। যা গত গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেশি। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে গত বছর এ সময়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১২৫ থেকে ১৩৫ টাকায়।