সুজন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

নরসিংদীর চাঞ্চল্যকর সুজন সাহা হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহত সুজনের স্বজনরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সুজনের ঘাতকদের ফাঁসির দাবি জানান স্বজনরা।

নিহত সুজন সাহার ভাই লিটন সাহা বলেন, সুজনের স্ত্রী অদিতী ও তার প্রেমিক খুনি তামজিদের লোকজন মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত সুজনের পরিবার ও স্বজনদের হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় মামলার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন লিটন সাহা। উল্লেখ্য, ২০১৭ সালে ১৬ আগস্ট রাতে স্ত্রীর সামনেই সুজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে স্ত্রী অদিতীর যোগসাজশ রয়েছে বলে জানতে পারে সুজনের পরিবার। অদিতী ও তার প্রেমিক তামজিদকে আসামি করে মামলা করা হয়। তামজিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে।