এম আমিনউদ্দিন সভাপতি, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ছয়টি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। দু’দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শেষে গতকাল শুক্রবার এই ফল ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম আমিনউদ্দিন তিন হাজার ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্য প্যানেলের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী দুই হাজার ৪৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সম্পাদক পদে ঐক্য প্যানেল থেকে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন তিন হাজার ৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল পরাজিত হয়েছেন ২ হাজার ৬৪৯ ভোট পেয়ে। এ নিয়ে এম মাহবুবউদ্দিন খোকন টানা সপ্তমবারের মতো সমিতির সম্পাদক পদে জয়লাভ করলেন। এদিকে ঐক্য প্যানেল থেকে সহ-সভাপতি পদে আব্দুল বাতেন, কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন, সহ-সম্পাদক পদে শরীফ ইউ আহমেদ জয়ী হয়েছেন। একই প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন কাজী আখতার হোসাইন, রাশিদা আলীম ঐশী, মোহাম্মদ উসমান চৌধুরী ও সৈয়দা শাহিন আরা লাইলী। সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি পদে মো. জসিমউদ্দিন, সহ-সম্পাদক পদে কাজী শামসুল হাসান শুভ  এবং সদস্য পদে মো. শামীম সরদার, আফিফা আফরোজ রাণী ও চঞ্চল কুমার বিশ্বাস  নির্বাচিত হয়েছেন। সমিতি ভবনে গতকাল ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান।

গত বছর ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।